গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে চান্দের সাটিয়া মডেল হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়।
এর আগে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুছ ছাত্তারকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুছ ছাত্তার। তিনি বলেন, “এডহক কমিটি ছয় মাসের জন্য গঠন করা হয়েছে। কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করব।”
পরিচিতি সভায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবীর খান, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক অনিল চাকী, অভিভাবক প্রতিনিধি মো. কামাল হোসেন, স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মান্নান ও মো. আব্দুল মোতালেব মন্ডল।
এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতিবিরোধী সোসাইটি গৌরীপুর উপজেলা শাখার প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল মান্নান, নার্গিস আক্তার এবং শিক্ষার্থী সাদিয়া আক্তার মারজিয়া, তুসলিয়া আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।