নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
নির্ধারিত পদমর্যাদার বেতন গ্রেড অবনমন, পদোন্নতিতে নতুন শর্ত আরোপ এবং অযৌক্তিক ও বৈষম্যমূলক বেতন স্কেল ভেটিং আদেশ বাতিলের দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএডিসির ময়মনসিংহ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংস্থাটির বিভিন্ন উইংয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, অর্থ বিভাগের সাম্প্রতিক এক আদেশে বিএডিসির ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদের বেতন গ্রেড এক ধাপ করে কমানো হয়েছে। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে।
বিএডিসি ময়মনসিংহের যুগ্মপরিচালক (সার) মো. রিয়াজুল ইসলাম বলেন, নতুন আদেশের ফলে দীর্ঘদিন ধরে প্রচলিত পদমর্যাদা ও বেতন কাঠামো পরিবর্তিত হয়েছে। এতে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সংকুচিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাঠামোতেও বিরূপ প্রভাব পড়বে।
নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) খাদিজা আফরোজা বলেন, বিএডিসির কর্মকর্তাদের প্রচলিত পদমর্যাদা ও বেতন গ্রেড কমানোর সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেল-২০১৫-এর সঙ্গে সাংঘর্ষিক। দীর্ঘদিন ধরে যে কাঠামো অনুসরণ করা হচ্ছে, তা পরিবর্তন করে নতুন শর্ত আরোপ করায় কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তিনি জানান, এতদিন বিএডিসির মহাব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলী পদ দ্বিতীয় গ্রেডের হলেও নতুন আদেশে তা তৃতীয় গ্রেডে নামানো হয়েছে। একইভাবে অতিরিক্ত পরিচালক ও অতিরিক্ত মহাব্যবস্থাপক পদ তৃতীয় থেকে চতুর্থ গ্রেডে, যুগ্মপরিচালক, উপপ্রধান প্রকৌশলী, যুগ্মপ্রধান ও যুগ্মহিসাব নিয়ন্ত্রক পদ চতুর্থ থেকে পঞ্চম গ্রেডে এবং উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী পদ পঞ্চম থেকে ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে।
কর্মকর্তাদের অভিযোগ, বিএডিসির চারটি পরিচালক পদে সরকারের যুগ্মসচিব বা অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের বিধান রাখা হয়েছে। এর ফলে বিএডিসির নিজস্ব কর্মকর্তাদের সদস্য পরিচালকসহ উচ্চতর পদে পদোন্নতির সুযোগ আরও সীমিত হয়ে পড়বে।
উপপরিচালক (বিপণন ও বীজ) মো. দিদারুল আমিন বলেন, নতুন আদেশে দ্বিতীয় গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে তৃতীয় গ্রেডে পাঁচ বছর চাকরিসহ মোট ২৪ বছরের চাকরির শর্ত দেওয়া হয়েছে। অথচ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সাধারণভাবে দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে ১৭ বছরের চাকরির শর্ত রয়েছে। একইভাবে পঞ্চম গ্রেডে যাওয়ার ক্ষেত্রে প্রচলিত ১০ বছরের পরিবর্তে ১৩ বছরের চাকরির শর্ত আরোপ করা হয়েছে।
বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তার পদোন্নতি বিলম্বিত হবে। এতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বৈষম্য আরও বাড়বে বলেও তারা দাবি করেন।
কর্মসূচি থেকে অর্থ বিভাগের নতুন আদেশ বাতিল করে আগের বেতন গ্রেড, পদমর্যাদা ও পদোন্নতির সুযোগ পুনর্বহালের দাবি জানানো হয়।
কর্মকর্তারা জানান, দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে দেশব্যাপী পূর্ণাঙ্গ কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে।
বিএডিসি দেশের কৃষকদের বীজ, সার ও সেচসহ গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আমন মৌসুম চলায় কর্মবিরতি দীর্ঘায়িত হলে সার আমদানি, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।